প্রায় সাড়ে ১১ কোটি টাকার সড়ক মেরামতের কাজে দুর্নীতির অভিযোগ

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলার সুজানগর উপজেলাধীন পাবনা-সুজানগর-নটাখোলা ফেরিঘাট সড়কের বিভিন্ন অংশের সর্বমোট ৭.৭৬৫ কিলোমিটার মেরামত কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই কাজের অংশ হিসেবে বাঁধেরহাট হতে খলিলপুর পর্যন্ত পিচঢালাইয়ের কাজ করছে আমিনুল হক প্রাইভেট কোম্পানির পক্ষে রানা কন্সট্রাকশন নামের প্রতিষ্ঠানটি। গতকাল রাতে মেরামতের কাজটি সাগরকান্দি বাজার সন্নিকটে পৌছালে সুধি-মহলের নজরে আসে। পরে আজ সোমবার সকালে খবর পেয়ে আমাদের প্রতিবেদক সরেজমিন পরিদর্শন করেন। এসময় উপস্থিত জনগণ বিস্ময় প্রকাশ করেন এতো নিম্নমানের কাজ দেখে। তাদের বক্তব্য, কোনো রকম পাথর ছিটানো হচ্ছে রাস্তায়। পাথরগুলো দিয়ে যাওয়ার পর মানুষের পায়ের সাথেই গড়িয়ে চলে যাচ্ছে রাস্তার পাশে।
এ বিষয়ে দায়িত্বে থাকা পাবনা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জনাব কাজল ইসলাম-এর সাথে কথা বললে, তিনি বলেন- ‘অ্যাস পার স্পেসিফিকেশন কাজ ঠিক আছে। এই ঢালাইয়ের পর ২০ শতাংশ পাথর সরে যাবে। তারপর ঠিক থাকবে।’ কাজের আদর্শ মান সম্পর্কে জানতে চাইলে তিনি প্রতিবেদককে ‘স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টস, সেকশন ৩, জুন ২০১৬-১, জেনারেল স্পেসিফিকেশন’ নামের একটি ৩১০পৃষ্ঠার ফাইল মেইল করেন। এরপর তার কাছে কেবল টেন্ডার হওয়া ‘বিওকিউ’ চাওয়া হয়। সেখানে দেখা যায়, ১৪ মিলিমিটার উচ্চতার ‘সিঙ্গেল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট’ হওয়ার কথা। একইসাথে রাস্তার শেষ প্রান্তে ইটের মার্জিন থাকার কথা উল্লেখ থাকলেও সেটির কাজ করা হচ্ছে না। ‘বিটুমিন’ (পিচ) এতোই কম ব্যবহৃত হচ্ছে যে, ১২ ঘণ্টা পরেও মানুষের চলাচলে অর্ধেক পাথর রাস্তার পাশে গড়িয়ে গেছে। প্রতিবেদক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ কথা বলার পর একই সড়কের অর্ধেক অংশ (প্রায় ৫ ফুট) কিছুটা ভালো করে সম্পন্ন করা হচ্ছে। অপরদিকে প্রকৌশলী কাজের গড় প্রশস্ততা ৫.৫ মিটার বললেও খোদ সাগরকান্দি বাজারেই সেটি ৪ মিটারের অধিক হবে না বলে দাবি বাজারের ব্যবসায়ীদের। সড়কের এই নিম্নমানের কাজের জন্য তীব্রক্ষোভ সড়ক পরিবহন শ্রমিকদের।
এ বিষয়ে পাবনা-২ এর সাংসদ আহমেদ ফিরোজ কবিরের সাথে কথা বললে তিনি জানান, ঐ পথে যেতে তিনিও দেখেছেন এই নিম্নমানের কাজ এবং ঠিকাদার ও ইঞ্জিনিয়ারকে ঠিকভাবে কাজ করতে নির্দেশন দিয়েছেন। একই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোঁজ-খবর নিবেন বলে জানান।

শেয়ার করুন: