পাবনায় পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান
এ কে খান :
পাবনা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)-এর পক্ষ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২৬ জন শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি দেওয়া হয়। বৃহস্পতিবার ৮ অক্টোবর পাবনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইনসের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাবনার পুলিশ সুপার মো. আবু আশ্রাফ উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পাবনা জেলা পুলিশ সুপার মো. আবু আশ্রাফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের শিক্ষা জীবনের সাফল্যের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য, পড়াশোনা ও অর্জনের বিষয়ে জানতে চান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য উৎসাহ ও দিক নির্দেশনা দেন। পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বকে উৎসাহিত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগানোই এ ধরনের মেধাবৃত্তি প্রদানের অন্যতম উদ্দেশ্য। মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি কৃতি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলি বিকাশে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। পরে অনুষ্ঠানে ২৬ জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেকের হাতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করতে প্রতিবছর এ ধরনের মেধাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। এর মাধ্যমে পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে দেশসেবায় নিজেদের যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
