সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছাড়াও বাস ও ট্রাকের চালক রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, আজ শনিবার দুপুরের দিকে বগুড়া থেকে একটি মালবাহী ট্রাক ঢাকা যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের বাগবাড়ি এলাকায় পাবনাগামী যাত্রীবাহী নাইট স্টার পরিবহনের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
‘বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস-ট্রাকের চালক ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারসহ চারজন নিহত হন। এ সময় আহত হন অন্তত আরও ৩০ জন’, যোগ করেন পুলিশ সুপার।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এঁরা হলেন সাভার সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার ও শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের লাখাই প্রামাণিকের ছেলে শফিক আহমেদ সালাম (৫০), একই উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী এলাকার মৃত শহীদ প্রামাণিকের ছেলে মেহের শেখ (৩৫) এবং পাবনা পৌর এলাকার ফজলুল হক রোডের বাসিন্দা লিটন চ্যাটার্জি (৪০)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
