ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এনজিও ও এমএফআই প্রতিনিধিদের বৈঠক
এ কে খান :
দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক’র নবনিযুক্ত গভর্নর মোঃ মোস্তাকুর রহমান এর সাথে দেশের শীর্ষস্থানীয় এনজিও ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান (এমএফআই) প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ মার্চ বিকাল ৩টায় ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্রঋণ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনবহুল বাংলাদেশে প্রতি বছর অন্তত কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ হলেও তা অসম্ভব নয়।এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ, যেখানে ব্যাংকিং খাত, এনজিও ও এমএফআইগুলো এক যোগে কাজ করবে। এ সময় প্রতিনিধি দলের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম এ সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা সম্ভব, যা শিল্প ও ব্যবসার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, সঠিক নীতিগত সহায়তা ও আর্থিক প্রবাহ নিশ্চিত করা গেলে এই খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে। তবে বৈঠকে কিছু অসন্তোষও প্রকাশ পায়। এনজিও ও এমএফআই প্রতিনিধিরা অভিযোগ করেন যে, তারা দীর্ঘদিন ধরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর কাছ থেকে প্রত্যাশিত স্বীকৃতি ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। এ বিষয়ে এমআরএ’র চেয়ারম্যান গভর্নরের কাছে উষ্মা প্রকাশ করেন এবং খাতটির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। গভর্নর মোঃ মোস্তাকুর রহমান এ সময় সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে হলে তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধি অত্যন্ত জরুরি। এজন্য কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নীতি সহায়তা ও সমন্বয় মূলক পদক্ষেপ গ্রহণ করবে। সভায় অংশ গ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই মতবিনিময়ের মাধ্যমে ব্যাংকিং খাত ও ক্ষুদ্রঋণ খাতের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে দেশের শীর্ষ পযায়ের বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা, প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও টিএমএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এনজিও ও এমএফআই প্রতিনিধিদের বৈঠক
