ঢাকায় জাতীয় জাদুঘরে ‘নদী ও পাখি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
বিশেষ প্রতিনিধি :
প্রকৃতি, নদী ও জীববৈচিত্র্যের সৌন্দর্য এবং সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘নদী ও পাখি’। শনিবার থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) আয়োজিত এ প্রদর্শনীতে আলোকচিত্রী আনসার উদ্দিন খান পাঠানের ক্যামেরায় ধারণ করা পাখির ছবি ও আলোকচিত্রী আবির আব্দুল্লাহর তোলা নদীর ছবি স্থান পেয়েছে। নদী ও পাখির বৈচিত্র্যময় জীবন, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা দর্শনার্থীদের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ৬ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনী পরিদর্শন করেন ভারতের ডেপুটি হাইকমিশনার পাওন কুমার তুলসী দাস বাড়ৈ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর আনসার উদ্দিন খান ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দলীয় মুখপাত্র ও পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহাবুব প্রমূখ। প্রদর্শনী ঘুরে দেখার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “পাখির ডানায় যেন প্রকৃতির কবিতা। তার মিষ্টি ডাক আর মুক্ত আকাশে উড়ে চলা মনে করিয়ে দেয় সৌন্দর্য আসলে স্বাধীনতাতেই। তিনি বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী, পাখি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ শুধু পরিবেশের অংশ নয়, এগুলো দেশের ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ। এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী মানুষকে প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আয়োজকরা জানান, আলোকচিত্রের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি নদী ও পাখিসহ দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই ‘নদী ও পাখি’ প্রদর্শনীর অন্যতম লক্ষ্য। চার দিনব্যাপী এ প্রদর্শনীতে প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্র অনুরাগীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
