টিএমএসএস কার্যক্রমে দিকনির্দেশনা দিলেন ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক টি এম আলী হায়দার
এ কে খান :
বগুড়ার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্টিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, বর্তমান তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক ও বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার সংস্থার কার্যক্রমে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন। বগুড়ায় টিএমএসএস ফাউন্ডেশন কার্যালয়ে ২ আগস্ট ত্রৈ-মাসিক প্রকল্প কার্য অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। টিএমএসএস কার্যক্রম-২ ডোমেইন কর্তৃক আয়োজিত এই সভায় সংস্থার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়েও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন টি এম আলী হায়দার, যিনি সংস্থার অধীন পরিচালিত বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু আর্থিক অগ্রগতি নয়, বরং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। প্রতিটি প্রকল্পের সুফল যেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সেদিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে।” তিনি কর্মীদের দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং বিভিন্ন ডোমেইনের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। টি এম আলী হায়দার আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকে থাকতে হলে গতানুগতিক পদ্ধতির বাইরে এসে নতুন ভাবে ভাবতে হবে। কর্মীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। একই সাথে, প্রকল্প বাস্তবায়নে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। বিসিএল গ্রুপ প্রসঙ্গে তিনি বলেন “আমাদের ১৩টি কোম্পানির মাধ্যমে সতেরো-আঠারোটি ব্যবসা বাণিজ্য চলছে। এখানে হাজার কোটি টাকার ঋণ রয়েছে, যা আমরা কষ্ট করে হলেও সুদসহ পরিশোধ করছি।” তিনি আশা প্রকাশ করেন যে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই কোম্পানি আরও বড় প্রতিষ্ঠানে পরিণত হবে। টি এম আলী হায়দার নিজের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, “টিএমএসএস একটি বিশাল সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান, যা পরিচালনা করার জন্য যে সক্ষমতা দরকার, তা আমার এখনো অর্জিত হয়নি।” তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বলেন, সবাই যদি সহযোগিতা করেন, তবে ভবিষ্যতে তিনি এই দায়িত্বের বিষয়ে ভেবে দেখবেন। তিনি উপস্থিত সকল কর্মকর্তাদের সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান এবং প্রতিষ্ঠানকে আরও গতিশীল করতে মাঠ পর্যায়ের কর্মীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন। সভায় টিএমএসএস-এর কার্যক্রম-২ ডোমেইন প্রধান, আব্দুস সালাম সভায় সভাপতিত্ব করেন। তিনি কার্যক্রম-২ ডোমেইন এর সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে সভায় উপস্থাপন করেন। এ সময় ডোমেইন ও অন্য উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের প্রধানগণ টি এম আলী হায়দারের বক্তব্যকে অত্যন্ত অনুপ্রেরণা মূলক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন। তারা বলেন, তাঁর দিক নির্দেশনা টিএমএসএস-এর কার্যক্রমকে আরও সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক করতে সাহায্য করবে। সভায় টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, জোন প্রধান, রিজিওন প্রধান এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পর্যালোচনা সভাটি ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা টিএমএসএস-এর সামাজিক দায়বদ্ধতা পূরণে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
