আনসার-ভিডিপি’র অতিরিক্ত মহাপরিচালকের কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন

আনসার-ভিডিপি'র অতিরিক্ত মহাপরিচালকের কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন
শেয়ার করুন:

আনসার-ভিডিপি’র অতিরিক্ত মহাপরিচালকের কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন

এ কে খান পিভিএম:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন করেছেন। বুধবার ৩ জুন দুপুর ১২টায় তিনি কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল হক, বিভিএমএস-এর নেতৃত্বে বাহিনীর সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে অতিরিক্ত মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন শাখা, প্রশাসনিক কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, অস্ত্রাগার, অফিস ব্যবস্থাপনা এবং সদস্যদের কল্যাণমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অতিরিক্ত মহাপরিচালক বাহিনীর বর্তমান কার্যক্রম, অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর প্রশাসন, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, নির্বাচন পরিচালনা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই বাহিনীর সবচেয়ে বড় শক্তি।”তিনি আরও বলেন, “সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য অর্জনে আনসার-ভিডিপিকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মানোন্নয়ন, জবাবদিহিতা এবং সেবার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।”স্বাগত বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল হক, বিভিএমএস বলেন, “অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের এই পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। তাঁর দিকনির্দেশনা মাঠপর্যায়ের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”তিনি জানান, কুমিল্লা জেলা আনসার ও ভিডিপির সদস্যরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ সময় রেঞ্জ পরিচালক, জেলা ও রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অ্যাডজুট্যান্ট, প্রশিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: