আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : সফিপুরে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্র

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : সফিপুরে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্র
শেয়ার করুন:

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : সফিপুরে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্র
এ কে খান পিভিএম :
দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রোববার ২৮ জুন গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত কৃতি খেলোয়াড়দ’র সংবর্ধনা, প্রাইজমানি প্রদান এবং ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপযুক্ত কথাগুলি বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একদিকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনছে। কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা তাদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করবে এবং দেশের জন্য নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ক্রীড়া মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধ সম্পন্ন যুবসমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার সরকারি উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গর্বিত অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের সর্ববৃহৎ তৃণমূলভিত্তিক বাহিনী হিসেবে আনসার-ভিডিপি বিকেএসপির সহযোগিতায় প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও তাদের দক্ষতা বিকাশে ধারাবাহিক ভাবে কাজ করছে। বাহিনীর অসংখ্য খেলোয়াড় ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।
অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২৩ জন খেলোয়াড়ের হাতে সম্মাননা স্মারক ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট’র সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি দেশে বেসবল খেলার বিকাশে আনসার-ভিডিপির ধারাবাহিক অবদান এবং সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন। পরে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন। সমাপনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের মেধা, শৃঙ্খলা ও সুস্থ মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকে রাজধানী কেন্দ্রিক না রেখে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বিকাশ ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়ন, প্রতিভা লালন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃতি খেলোয়াড়দ’র সম্মাননা ও ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্টের সফল আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে বাহিনীর বহুমাত্রিক অবদানের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন: