অধ্যাপক ইউনূসকে ‘হারমোনি অ্যাওয়ার্ড’ প্রদান করলেন রাজা চার্লস

শেয়ার করুন:

অধ্যাপক ইউনূসকে ‘হারমোনি অ্যাওয়ার্ড’ প্রদান করলেন রাজা চার্লস

লন্ডন, ১৩ জুন ২০২৫ (বাসস):
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের কাছ থেকে সম্মানজনক হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

এই পুরস্কার তাঁর “মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং একটি টেকসই ও সম্প্রীতিপূর্ণ বিশ্ব গঠনে অনন্য অবদানের” স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, “এটি একটি চমৎকার পুরস্কার।” বাংলাদেশের এই সময়ের প্রেক্ষাপটে রাজা চার্লসের পাশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “এই পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি, যা আমরা দুর্বল জনগোষ্ঠীর জন্য করে চলেছি, এবং এটি সেই মূল্যবোধের প্রতিফলন, যা মহামান্য রাজাও ধারণ করেন।”

তাঁর মতে, এই স্বীকৃতি বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে “তাদের স্বপ্নের দেশ গড়তে।”

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে রাজা চার্লস বাকিংহাম প্যালেসে অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগত সাক্ষাতে স্বাগত জানান। প্রায় আধা ঘণ্টাব্যাপী বৈঠকে তাঁরা পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন: