বাংলাদেশি এজেন্সি ভিসা কোটা ব্লক রাখায় ভিসাপ্রত্যাশীদের ভোগান্তি হচ্ছে
বাংলাদেশি বিভিন্ন এজেন্সি ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখার কারণে সাধারণ ভিসাপ্রত্যাশীরা আবেদন করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ। একই সঙ্গে এই সমস্যা নিরসনে ভারতীয় হাইকমিশন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডেপুটি হাইকমিশনার জানান, বেশ কিছু এজেন্সি ভিসার কোটা আগে থেকেই ব্লক করে রাখে। এর ফলে সাধারণ আবেদনকারীরা যথাসময়ে আবেদন জমা দেওয়ার সুযোগ পান না এবং ভিসা প্রাপ্তিতে ভোগান্তি তৈরি হয়। সাধারণ মানুষের এই ভোগান্তি নিরসন এবং প্রক্রিয়াটিকে আরও সহজ ও স্বচ্ছ করতে ভারতীয় হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করছে।
এর আগে, তিনি কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। পরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেন।
