এ কে খান, পাবনা ব্যুরো:
সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পাবনা জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। সভায় রথযাত্রা উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উৎসব সুষ্ঠুভাবে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন ও জেলা পুলিশের নিরাপত্তা উদ্যোগের প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, রথযাত্রা উৎসব যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রথযাত্রার নির্ধারিত রুটে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং পুলিশি টহল জোরদার থাকবে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা গুজব প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। তিনি আরও বলেন, “সকলের সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক পরিবেশে রথযাত্রা উৎসব উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সনাতন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির কমিটি ও সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
