পাবনার সুজানগরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে নাগরিক সমাবেশ
এ কে খান পাবনা ব্যুরো:
সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পাবনার সুজানগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যাপক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুজানগর পৌর বাজার মার্কেটে ৫ জুন রবিবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা-২ সুজানগর-বেড়া আসনের মাননীয় সংসদ সদস্য এ. কে. এম. সেলিম রেজা হাবিব। তিনি বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”বিশেষ অতিথির বক্তব্যে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাবনা জেলা কমান্ড্যান্ট মোঃ মাহাবুবুর রহমান সরকার ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। সমাবেশে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলবাজি একটি সমাজের উন্নয়ন ও শান্তির প্রধান অন্তরায়। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জন প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগই একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে অংশ গ্রহণকারীরা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকমুক্ত সুজানগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ধরনের সচেতনতা মূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রশাসন’র উর্ধ্বতন, কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণী পেশার মানুষ, সুজানগর বাজার সমিতির সদস্য, বিএনপি’র স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।
