রক্তাক্ত জনপদ ঢালারচরে অসহায় নারী মাজেদা বেগম

শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা:  পাবনার রক্তাক্ত জনপদ খ্যাত ঢালারচরে মাজেদা বেগম (৬২) নামের এক নারী জবর দখলকারী ও লুটেরাদের কবলে পড়েছেন। জমি দখল থেকে শুরু করে তার গবাদি পশু পর্যন্ত লুট করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। ন্যায় বিচার পাওয়ার আশায় মাজেদা বেগম আদালতের আশ্রয় নিয়েছেন। তার নিরাপত্তার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও সাহায্য চান।

স্থানীয়রা জানান, পদ্মা- যমুনা তীরবর্তী এক দুর্গম জনপদ ঢালরারচর। পাবনা শহর থেকে ১১০ কি.মি দুরে পাবনা, রাজবাড়ি ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা এটি। এটি এক সময় চরমপন্থী- সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা কিছুটা গা ঢাকা দিয়েছে। তবে কিছু লোক এখনও জবর দখল লুটপাট চালিয়ে যাচ্ছে। এদের কবলে পড়েছেন ঢালারচরের সাহসী নারী খ্যাত মাজেদা বেগম। তিনি পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। আদালতে মামলাও করেছেন। মাজেদা বেগম জানান, তার অনেক জমি তিনি বর্গা দিয়েছেন। কিন্তু এমনও হয়েছে তার জমি যারা বর্গা নেন তাদের চাষ করতে দেয়া হয় না। তার কিছু জমি এজন্য পতিতও পড়ে রয়েছে। আবার এমনও হয়েছে কিছু লোক বর্গা নিয়ে  নিজেরা সেই জমি অন্যের কাছে লিজ দিয়ে রেখেছেন। এতে  মাজেদা বেগম ফসল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি জানান, তার স্বামী মারা গেছেন ৩ বছর, কিছুদিন আগে তার মা মারা গেছেন। তার ছেলে- মেয়েরা দেশের বাইরে থাকেন। তার এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন স্থানীয় দুর্বৃত্তরা। সর্বশেষ তার বাড়ি থেকে গবাদি পশু পর্যন্ত লুট করে নেওয়া হয়েছে। তিনি জানান, লতিফ মন্ডল ও ফজলু নামের দু’ ব্যক্তি তার তিনটি উন্নত জাতের গরু লুট করে নিয়েছেন। সে গরু এখন তাদের বাড়িতে এতে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি এসব ব্যাপারে আদালতের শরনাপন্ন হয়েছেন। তিনি মাননীয় আদালতের কাছে ন্যায় বিচার পাবেন বলে আশাবাদী।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, মাজেদা বেগমের বিষয়টি তিনি জানেন। তাকে আইনগত সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন: