গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দুই মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আদালতে জাফরুল্লাহর পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন।
ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে রাজধানীর অদূরে আশুলিয়া থানায় চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে মামলা দুটি হয়েছিল।
আদালত জানিয়েছেন, পুলিশ অভিযোগপত্র না দেয়া পর্যন্ত এই জামিন বহাল থাকবে।
গত ১৫ অক্টোবর আশুলিয়া থানায় জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা করেন মানিকগঞ্জের হরিরামপুরের মোহাম্মদ আলী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের আনিছুর রহমান।
মামলায় জাফরুল্লাহ চৌধুরী ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির (৫৫), রেজিস্টার দেলোয়ার হোসেন ও নূর মোহাম্মদের ছেলে আওলাদ হোসেনকে (৪৮) আসামি করা হয়।
এরপর ১৯ অক্টোবর চাঁদা দাবি, ভাংচুর ও জমি দখলের অভিযোগ এনে আশুলিয়া থানায় অন্য মামলাটি করেন ডেন্ডাবর এলাকার হাসান ঈমাম। এতে জাফরুল্লাহ চৌধুরীসহ দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করা হয়।
গত ১৮ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ডা. জাফরুল্লাহর পক্ষে জামিন আবেদন করা হয়।
এমএ/আইএম
