
নগরবাড়ি নদী বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, খালেদা জিয়া জেলে থাকুক আর বাইরে থাকুক বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। কারন নিবন্ধনসহ নানাবিধ জটিলতা রয়েছে। ড. কামাল ও বি চৌধুরীর নেতৃত্বে যে জাতীয় ঐক্য করেছে সেই ঐক্য কোন আদর্শের ঐক্য নয়। বিএনপি এখনো জামায়াতকে ছাড়তে পারেনি। আদর্শহীন ঐক্য দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তাদের পূরণ হবে না বলে মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে বিআইডব্লিউটিএ’র বাস্তবায়নে পাবনার নগরবাড়ী ঘাটে ৫১৩ কোটি টাকা ব্যয়ে ৩৫ একর জায়গার উপর নির্মিত আধুনিক নৌ-বন্দর নির্মাণের ভিত্তি পাথর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নৌমন্ত্রী আরো বলেন, নগরবাড়িতে যে নদী বন্দর স্থাপনের চেষ্টা চলছে তা হবে অনেক অত্যাধুনিক, ডার মাধ্যমে মানুষের অনেক উপকারিতা হবে। ঢালারচর ইউনিয়নের রাখালগাছি থেকে আরিচা পর্যন্ত ফেরি চলাচলের সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কাজ চলছে। নিরাশ হবার কোন কারন নেই। তিনি বলেন, এক সময়ে নগরবাড়ি ছিলো প্রাণবন্ত। মানুষের পদভারে মুখর থাকতো এই এলাকা। ব্যবসা বাণিজ্যের এক অনন্য কেন্দ্র ছিলো এটি। এই নদী বন্দর চালুর মাধ্যমে এখানে আগের চেয়েও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে এখানকার জনপদ।
ভবিষ্যতে এদিক দিয়ে আরেকটি সেতু নির্মাণের চিন্তা সরকারের কর্মপরিকল্পনায় রয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন প্রধামন্ত্রী সব সময় চান যেন যে কোন এলাকার মানুষ চলাচলের সুবিধাটুকু ভোগ করতে পারে। আর কোন কারনে বঙ্গবন্ধু সেতু কোনকারনে সাময়িকভাবে যদি বন্ধ হয়ে যায়, সেটিও মাথায় রেখে জনকল্যাণের বিষয়টি সরকারের চিন্তাভাবনায় রয়েছে। নগরবাড়ী হরিনাথপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দলীয় নেতৃবৃন্দ। সমাবেশের পূর্বে মন্ত্রী ভিত্তি পাথর স্থাপন করেন এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে সূধীজনসহ দলের নেতাকর্মীদের সাথে মোনাজাতে শরিক হন।
