বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে সরকার গঠিত মেডিকেল বোর্ড। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ-তে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে। আজ রোববার বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল-হারুন এক ব্রিফিং-এ একথা জানান। তিনি বলেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হতে চাইলে বঙ্গবন্ধু মেডিকেলই ভালো হবে বলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।
পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড আজ সকালে তাদের প্রতিবেদন হস্তান্তর করার পর হাসপাতালের পরিচালক বলেন, উনারা (মেডিকেল বোর্ড) যেটা পেয়েছেন, নতুন কোনো সিরিয়াস উপসর্গ যোগ হওয়া, এটা হয়নি। তিনি বলেন, খালেদা জিয়ার আগে থেকেই রিউম্যাটয়েডআর্থ্রাইটিস (গেঁটে বাত) রয়েছে। সে কারণে দুই হাতে ও পিঠে ব্যথা অনুভব করেন। চোখে সমস্যা রয়েছে।
