সবুজের সমাহার রমনা পার্ক সংলগ্ন এলাকায় রাষ্ট্র নিয়ন্ত্রিত পাঁচ তারকা হোটেল উদ্বোধনের মাধ্যমে দেশের হোটেল আতিথেয়তার ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য যোগ হলো আজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র উদ্বোধনকালে আশাবাদ ব্যক্ত করেছেন, ‘সম্পূর্ণ গ্রিন হোটেল হিসেবে এবং সর্বাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই হোটেলটি বিশ্ব গ্রাহকদের কাছে নতুন এক চমক সৃষ্টি করতে সক্ষম হবে।’
শেখ হাসিনা বলেন, ‘এই হোটেল বিদেশি পর্যটক ও অতিথিদের ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজের ক্ষেত্রে আরো আকৃষ্ট করবে।’
শেখ হাসিনা বলেন, ‘দেশের উন্নয়নের ফলে দেশে বিদেশি বিনিয়োগকারী, পর্যটক এবং দর্শনার্থীদের আগমন বেড়ে যাওয়ায় আমাদের আরো নতুন নতুন উন্নত মানের ও আধুনিক হোটেল দরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাথে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটিই ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম পাঁচ তারকা হোটেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী এই হোটেল।’
