
পাবনার বেড়া উপজেলার পৌর সদরের পায়না গ্রামে রবিবার রাতে ইমন নামের ১৮ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ফরমান মোল্লার ছেলে।
পুলিশ নিহত শিশুর বাবার বরাত দিয়ে জানান, রবিবার রাতে ফরমান মোল্লা ও তার স্ত্রী তাদের দেড় বছর বয়সী ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তারা জেগে দেখেন তাদের সন্তান বিছানায় নেই এবং ঘরের দরজা খোলা। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ভোর ৬টা পর্যন্ত শিশুটিকে না পেয়ে থানায় জানান।
পরে সকাল ৭টার দিকে বাড়ির অদূরে একটি ধানের মাঠের ক্যানেলের পাড়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে বেড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) সামসুল হক জানান, শিশুটির মৃত্যুর ঘটনা রহস্যজনক। ময়না তদন্তের জন্য শিশুটির লাশ পাবনা জেনারেল হাসাপাতাল মর্গে পাঠান হয়েছে।
