৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে চার হাজার ৪৪৩ জন প্রার্থীকে স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (চিকিৎসক) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। এই বিশেষ বিসিএসে সহকারী সার্জন পদে ৪ হাজার ২০৩ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জন চিকিৎসককে নিয়োগ দেয়া হয়েছে।
এসব প্রার্থীকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) নিয়োগকৃতদের তালিকা পাওয়া যাবে।
আদেশে বলা হয়েছে, তাদেরকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাদেরকে দুই বছর শিক্ষানবিশ হিসাবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন তবে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।
তিনি যদি কোনো বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন অথবা বিয়ে করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন তাহলে এ নিয়োগপত্র বাতিল হবে।
আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে নির্দেশিত কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে নির্ধারিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, গত বছরের ১০ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়, শেষ হয় ৩০ এপ্রিল। মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী এ বিশেষ বিসিএসে আবেদন করেন।
