হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের বড়ো বান্দ নামক হাওর ও ৮নং খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়ার হাওরে এই ঘটনা ঘটে।
বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়,গরুর জন্য ঘাস কাটতে হাওরে যায় মোহাম্মদ হোসাইন (১২) নামে এক শিশু। ওই সময় আকস্মিক বজ্রপাতে সেখানে নিহত হয় সে। মোহাম্মদ হোসাইন ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারি মহল্লার আক্কেল আলীর পুত্র। বাড়ির আঙ্গিনায় দাঁড়ানো থাকা অবস্থায় জুমা বেগম (১২) নামে এক কিশোরী নিহত হয়েছে। সে জাতুকর্ণ পাড়ার আব্দুর রহমান মিয়ার কন্যা।
অপর দিকে ৮নং খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়ার গ্রামের আলমগীর মিয়া (২৬) ধানের খলা থেকে ধান সংগ্রহ করতে গেলে সেখানেই তিনি বজ্রপাতে নিহত হন। আলমগীর ওই গ্রামের সামসু মিয়ার পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান,যারা বজ্রপাতে নিহত হয়েছে তাদের তথ্যাদি আমরা ডিসি অফিসে পাঠিয়েছি। আশা করি সরকারের পক্ষ থেকে কিছুটা হলেও সহায়তা করতে পারবো ।
