হবিগঞ্জে ছাত্র-জনতার মানববন্ধন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলনে ৯ হত্যার ঘটনাকে আড়াল করে নিহত এসআই সন্তোষ হত্যাকে সামনে এনে বিবিসি নিউজ বাংলার সংবাদকে মিথ্যা ও হলুদ সাংবাদিকতা বলে মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
রবিবার (২৭ জুলাই) সকাল ১0টায় বড় বাজার শহীদ মিনারে মানববন্ধনে এ অভিযোগ করা হয়।
বক্তাগণ বলেন, বানিয়াচংয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে বিদায় করতে গিয়ে ২০২৪ এর ৫ আগস্ট ৯জন মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। তাদের সেই বীরত্বগাঁথা ত্যাগকে পাশ কাটিয়ে এস আই সন্তোষ হত্যার ঘটনা বিবিসি নিউজ বাংলায় সংবাদ ২৫ জুলাই প্রকাশ হয়েছে।
এ সংবাদটি সম্পূর্ণরূপে একপেশে এবং ৯হত্যার ঘটনার মূল আসামীদের রক্ষা করতে প্রকাশ করা হয়েছে। যা বিবিসি নিউজ বাংলার মতো দায়িত্বশীল কোনো মিডিয়ার কাছ থেকে আমরা আশা করিনি।
আমরা চাই ৯ হত্যার কুশীলব এবং আসামীদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। কোনো আসামী যাতে করে ছাড় না পায় এবং সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র-জনতা সচেতন রয়েছে বলে হুশিয়ারি করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, নির্বাচিত সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাংবাদিক মোতাব্বির হোসেন, সাংবাদিক মখলিছ মিয়া, মুক্তাদির হাসান সেবুল,
সৈয়দ সোহেল ঠাকুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা খায়রুল ঠাকুর, রিমন মিয়া, আজাদ লস্কর, আবু সুফিয়ান তন্ময়, জিসান রহমান ও বাসিক মিয়াসহ গণমাধ্যমের কর্মীবৃন্দ।
এসময় শহীদ পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
