সুই ছাড়া ইঞ্জেকশন

শেয়ার করুন:

ইঞ্জেকশন নিতে যারা ভয় পান তাদের জন্যে একটি সুখবর। কোনো ধরনের সুই ব্যবহার না করেই এখন ইঞ্জেকশন দেওয়া সম্ভব।

শরীরে ওষুধ প্রবেশ করানোর এরকম একটি কম্পিউটারাইজড পদ্ধতি উদ্ভাবন করে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রযুক্তি সংক্রান্ত পুরস্কার জিতে নিয়েছে একটি প্রতিষ্ঠান। পোর্টাল ইনস্ট্রুমেন্টস নামের একটি কোম্পানি এই যন্ত্রটি উদ্ভাবন করেছে। কিভাবে কাজ করে এই যন্ত্রটি। কোম্পানির প্রধান নির্বাহী প্যাট্রিক অ্যাঙ্কুয়েটিল বলেছেন, “যন্ত্রটির ভেতরে প্রথমে ওষুধটি ঢুকিয়ে দেওয়া হয়। তারপর শরীরের যেখানে ইঞ্জেকশন দিতে হবে সেখানে যন্ত্রটিকে উপুড় করে ধরা হয়। তখন ওই যন্ত্রটি থেকে ওষুধ গুলির মতো প্রচণ্ড গতিতে বেরিয়ে আসে।”

“ওষুধটি যে ধারায় ত্বকের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করে সেটি চুলের চাইতেও সরু,” বলেন তিনি।

injection2

প্রায় তিনশো জন মানুষের ওপর এই পরীক্ষাটি চালানো হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, খুব সরু ধারায় এই ওষুধ প্রচণ্ড গতিতে বেরিয়ে আসে। এবং এটা হয় এক সেকেন্ডেরও কম সময়ে।

শুধু ভয় পাওয়া দূর করাই নয়, কর্মকর্তারা বলছেন, প্রচলিত সুই থেকেও ইঞ্জেকশন দেওয়ার এই যন্ত্রটি হবে আরো অনেক উপকারী।

প্রতিষ্ঠানটির প্রধান বলেন, “সুই এর চেয়ে এই যন্ত্রটি আরো দক্ষতার সাথে কাজ করতে পারে। অনেক সময় ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে মধুর মতো চটচটে ও আঠালো ওষুধ দিতে হয়।”

তিনি বলেন, “সুই দিয়ে এধরনের আঠালো ওষুধ দেওয়া অনেক ঝামেলার। আঙ্গুলের সাহায্যে অনেক শক্তি দিয়ে ওই ওষুধ ইনজেক্ট করতে হয় শরীরে। কিন্তু এই যন্ত্রটিতে নানা ধরনের অপশন আছে। যেমন আপনি কি ধরনের ওষুধ দিচ্ছেন সেটা সিলেক্ট করে খুব সহজেই ইঞ্জেকশন দিতে পারেন। ফলে রোগীর খুব একটা কষ্ট হয় না।”

পোর্টাল ইনস্ট্রুমেন্টস বলছে, আগামী দু’বছরের মধ্যেই যন্ত্রটি বাজারে ছাড়া সম্ভব হবে বলে তারা আশা করছেন। সুত্রঃ বিবিসি

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *