সব কিছুতে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ টানবেন না- শেরপুরে বন ও পরিবেশ উপদেষ্টা
শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীর দাওধরা পর্যটন এলাকা পরিদর্শন করতে গিয়ে সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন রক্ষায় অবৈধ দখলদারমুক্ত করতে বনবিভাগ ও প্রশাসন যৌথভাবে কাজ করবে। সব কিছুতে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ টানবেন না। আমরা বাংলাদেশকে বর্বর মায়াহীন দেশে পরিণত করতে চাই না। বনাঞ্চলে অবৈধ দখলমুক্ত করতে সরকার জিরু টলারেন্সে রয়েছে। সরকারকে আলাদা আলাদা জায়গা থেকে দেখার কোনো উপায় নেই।
সোমবার ২৬ মে দুপুরে দাওধরা এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা আরো বলেন, দুই সপ্তাহে দেশে ১২টি বন্যহাতির মৃত্যুর ঘটনা ঘটেছে, যা স্বাভাবিক ঘটনা না। হাতির আবাসস্থল ধ্বংস হবার কারণে হাতি লোকালয়ে প্রবেশ করছে। কী করলে হাতি লোকালয়ে আসবে না এবং হাতির খাদ্য সংস্থানের ব্যবস্থা হবে, তা দেখতেই আমরা এসেছি।’
এদিকে বনবিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ উজার হচ্ছে এমন প্রশ্নের জবাবে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান উপদেষ্টা।
এসময় উপদেষ্টার সাথে ছিলেন বিভাগীয় বন সংরক্ষক কাজী মুহম্মদ নুরুল করিম , জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারসহ প্রশাসনের উর্ধতন কর্মকবৃন্দ।
এরপর উপদেষ্টা মধুটিলা পর্যটন কেন্দ্রে হাতি আক্রমনে নিহত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।
