সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ পরিদর্শকের চিকিৎসায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ’র অনুদান তহবিল থেকে ৩ লাখ টাকা সহায়তা

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ পরিদর্শকের চিকিৎসায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ’র অনুদান তহবিল থেকে ৩ লাখ টাকা সহায়তা
এ কে খান :
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম-এর চিকিৎসার জন্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ’র “বিশেষ অনুদান তহবিল”থেকে জরুরি ভিত্তিতে তিন লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। সূত্র জানায়, ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এ কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম ছুটি ভোগরত অবস্থায় গত ৩ মার্চ সড়ক দুর্ঘটনায় মাথা ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে পরিবারের সদস্যরা তাকে জরুরি ভিত্তিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল-এর সহকারী অধ্যাপক ডাঃ উজ্জ্বল কুমার মল্লিক-এর তত্ত্বাবধানে ঢাকায় পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি ঢাকায় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে অচেতন অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। পরবর্তীতে ইউনিট প্রধানের বিশেষ বিবেচনায় তার জরুরি ও ব্যয়বহুল চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশ পুলিশ’র মহাপরিদর্শক এর “বিশেষ অনুদান তহবিল” থেকে তিন লাখ টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রয়োজনীয় অনুমোদন প্রদান করা হয়। মঙ্গলবার ১০ মার্চ উত্তরার এপিবিএন-১ অধিনায়কের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই অনুদানের অর্থ আহত কর্মকর্তার স্ত্রী মোছাঃ জয়তুন নাহার লিপি-এর হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তরার ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোঃ আঃ লতিফ এ অনুদানের অর্থ প্রদান করেন। এ সময় সহকর্মীরা আহত পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তারা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দায়িত্ব পালনে ফিরতে পারেন।
শেয়ার করুন: