শ্রীবরদীতে সুদের টাকা না পেয়ে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

শেয়ার করুন:

মোটরসাইকেল ছিনিয়ে রাখার পর গরু চুরির অপবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ১৫ জুন রোববার দুপুরে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটিলংগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই ব্যবসায়ীর নাম নুর আমিন (৩৮), তিনি একই এলাকার বাসিন্দা।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল জলিল ব্যবসায়ী নুর আমিনকে এক লাখ টাকা সুদে ধার দেন। প্রথমদিকে সুদের টাকা পরিশোধ করলেও পরে অনিয়মিত হওয়ায় তাদের মধ্যে বিরোধ শুরু হয়। জলিল একপর্যায়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং এক বছর ধরে তা নিজের হেফাজতে রাখে।

সম্প্রতি মোটরসাইকেল ফেরত চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর বাজার থেকে তুলে এনে নুর আমিনকে গাছে বেঁধে মারধর করা হয়। পাশাপাশি তাকে গরু চুরির অপবাদ দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী নুর আমিন বলেন,

“টাকা না দিতে পারায় মোটরসাইকেল আটক করে রেখেছে। গাছের সঙ্গে বেঁধে মারধর করেছে। এখন উল্টো বলছে আমি গরু চোর! আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

অভিযুক্ত জলিল মিয়া নিজের অবস্থান তুলে ধরে বলেন,

“আমি তাকে মারধর করিনি, শুধু ধরে এনে রেখেছিলাম। পরে যখন পালানোর চেষ্টা করছিল তখন বেঁধে রাখা হয়।”

স্থানীয় বিএনপি সভাপতি আশরাফুল কবীর রূপা বলেন,

“আমি ঘটনাস্থলে গিয়ে দেখি শতাধিক উৎসুক জনতা ভিড় করেছে। আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলে অক্টোবর মাসের মধ্যে টাকা পরিশোধের মীমাংসা করিয়েছি। তবে জলিলকে সামাজিকভাবে তিরস্কার করা হয়েছে।”

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন,

“গাছে বেঁধে রাখার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে কাউকে বাঁধা অবস্থায় পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মূল বিষয়:
একটি চক্র সুদের টাকার নামে দীর্ঘমেয়াদে ব্যবসায়ীকে হেনস্তা করে আসছিল। শেষপর্যন্ত নির্যাতন ও অপমানের শিকার হয়ে ভুক্তভোগী সামাজিকভাবে অপদস্থ হন। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন: