শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হত্যার প্রতিবাদে ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানব বন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী ও ছাত্ররা।আজ দুপুরে এলাকাবাসী ও মোহাম্মদ আলী বিদ্যা নিকেতনের উদ্যোগে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় বক্তারা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। মোহাম্মদ আলী বিদ্যানিকেতনের পরিচালক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, এই হত্যা কান্ডের মূল আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
সহকারী শিক্ষক মো. রাসেল তার বক্তব্যে বলেন, বিপ্লব খুবই মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে যারা নৃশংসভাবে হত্যা করছে তাদের ফাসি দাবি করছি।নিহত বিপ্লবের নানি নংফুল বলেন, আমার নাতিকে যারা খুন করেছে তাদেরকে পুলিশ তারাতাড়ি ধরছে না কেন! ধরে ফাসি দিলে আমার আত্মা শান্তি পেতো।বিপ্লবের বন্ধুরা বলেন, আমার বন্ধুকে যারা খুন করছি তাদের ফাসি চাই। মৃত্যুর বদলে মৃত্যু চাই।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসপ্রদান করেন। উল্লেখ্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী বিপ্লবকে পবিত্র শব-ই বরাত উপলক্ষে ২৫ ফেব্রুয়ারী রাতে শ্রীবরদী উপজেলার নিজ মামদামারি কান্দাপাড়া এবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনে নানার বাড়ি আসার পথে কিশোর গ্যাংএর সন্ত্রাসীরা বিপ্লবকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় অন্তত ২৫ জন জড়িত রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আরিফ নামের এক খুনি আদালতে স্বীকারুক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
