মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।সভায় বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় নেতৃত্বকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করা হয়। 
এ কে খান :
সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে পাবনার বলরামপুরে ১৭ ফেব্রয়ারি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন আলোর দিশারী-এর উদ্যোগে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইভটিজিং, বাল্যবিবাহ ও সামাজিক অনাচার সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) মোঃ রেজিনুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় নেতৃত্বকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।সভায় সবাইকে স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ববান হওয়া উচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান এবং শামসুল আলম। এছাড়া দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন স্থান থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, অপরাধ দমনে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন ও সম্মিলিত সচেতনতা। তরুণ সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার প্রসারে জোর দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত অতিথিরা সমাজকে অপরাধমুক্ত ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতা মূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, এলাকাবাসী, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: