বেড়া প্রতিনিধি : পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আসিফ শামস রঞ্জন বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২১,৮৮৩টি। এতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র আব্দুল বাতেন ৩৬৬০টি ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ এইচ এম ফজলুর রহমান পেয়েছেন ৩৪৭৯টি ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সাদিয়া আলম (মোবাইল ফোন) পেয়েছেন ২২৫টি ও কে এম আব্দুল্লাহ পেয়েছেন (জগ) ৮১৭টি ভোট। এদিকে বেড়া পৌরসভার নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানা গেছে। ভোটের প্রচার চলাকালে নানা অপ্রীতিকর ঘটনার কারণে এই নির্বাচনের দিকে নজর ছিল সবার। নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন স্থানীয় সাংসদ শামসুল হকের ছেলেসহ তিনজন স্বজন। শামসুল হকের ছেলে আসিফ শামস ছিলেন আওয়ামী লীগের প্রার্থী। আসিফ শামসের প্রতিপক্ষের প্রার্থীরা তার বিরুদ্ধে হামলা, ভয়ভীতি দেখানোসহ নানা অভিযোগ করে আসছিলেন। শামসুল হকের বিরুদ্ধেও ছেলের পক্ষ নিয়ে নির্বাচনী এলাকায় অবস্থান করার ব্যাপারে অভিযোগ ওঠে। তাই এই নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও ছিল ব্যাপক প্রস্তুতি। অনেকেই নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়েছে।
তবে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ এইচ এম ফজলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাতেন, কে এম আব্দুল্লাহ ভোটকেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন। এ ছাড়া তাদের কর্মী-সমর্থক ও ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার ব্যাপারে ভয়ভীতি দেখানো হয় বলেও তারা অভিযোগ করেন। নৌকা প্রতীকের প্রার্থী আসিফ শামসের লোকজন এসব কর্মকা-ের সঙ্গে জড়িত বলে তারা জানান।
তবে আসিফ শামস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যারা অভিযোগ করছেন তারা তো ভোটকেন্দ্রে দেওয়ার মতো এজেন্টই খুঁজে পাননি। এই ব্যর্থতা ঢাকার জন্য গতানুগতিক ও মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বলেন, ‘কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা সবাই আন্তরিকভাবে সচেষ্ট ছিলাম।’
বেড়া পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী
