বেড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

শেয়ার করুন:

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. ম. আ. আহাদ বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়াজেদ আলী খানকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুর রশিদ দুলালকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে কমিটি পুনঃবিন্যাস করা হয়েছে। তারা আগামী মার্চ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে বেড়া উপজেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল।
জানা যায়, প্রায় একবছর আগে বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়ে মারা যান এবং বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি থেকে বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেনকে অব্যাহতি দেয়া হয় তার নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। সে সময় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে শ্রী অনিল কুমার সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রশিদ দুলালকে দ্বায়িত্ব দিয়ে দল পুনঃগঠনের দ্বায়িত্ব দেয়া হয়। ইতোমধ্যে অনিল কুমার সাহাকে আমিনপুর থানার আহবায়ক করে সম্মেলন কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে আগামী শুক্রবার বেড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি চলছিল। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেড়া উপজেলা আওয়ামী সভাপতি হিসেবে বেড়া-সাঁথিয়ার এমপি এ্যাড. শামছুল হক টুকু পূত্র সদ্য নির্বাচিত বেড়া পৌরসভার মেয়র এ্যাড. আশিফ শামস রঞ্জনকে নিয়ে দলীয় প্রচারণার তুঙ্গের শেষ মুহূর্তে এ সম্মেলন স্থগিত করা হলো।
বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল বলেন, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আগামী শুক্রবারের সম্মেলন স্থগিত ঘোষণা করছেন জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মতে, ওয়াজেদ আলী খানকে ভারপ্রাপ্ত সভাপতি করে সম্মেলন পরিচালনার দ্বায়িত্ব অর্পন করা হয়েছে। এ কমিটি আগামী মার্চ মাসের মধ্যে বেড়ার চারটি ইউনিয়ন ও একটি পৌর কমিটির নির্বাচন সম্পন্ন করে উপজেলা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি তৈরিতে কার্যকারী ভূমিকা রাখবেন বলে আশা করছেন।
সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর (অব.) ওয়াজেদ আলী খান বলেন, তিনি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন করবেন ওই সকল নেতা-কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে উপজেলার যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সে তার মেধা ও যোগ্যতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন- একটি সুন্দর ও শান্তিপূর্ণ সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন করতে।

শেয়ার করুন: