বেড়া (পাবনা) প্রতিনিধি: ২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনার বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌপুলিশ। সোমবার সন্ধ্যার পরে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাটে ঘটনাটি ঘটে। আটককৃত নারী মোছা. করুনা (২৫) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাক আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাবার সময় মোছা. করুনা নামের ঐ নারীর চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহজনক মনে হয়। সে নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পারাপার হত।
ঐ দিন তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে লঞ্চঘাট পল্টন এর উপরই জনসম্মুখে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। পুলিশের ধারণা এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ আটককৃত নারী স্বর্ণের কোন কাগজপত্র দেখাতে পারেনি।
এ বিষয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ‘‘সন্দেহকৃত নারীকে আটকের পর আমরা ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাসি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম¥ুখে স্বর্ণ পরীক্ষা করে ওজন দেই। এতে আংটিগুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৬ লক্ষ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। আসামি আমিনপুর থানা হেফাজতে রয়েছে। মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে মামলা হয়েছে।’
