আরিফ খানঃ পাবনা বেড়া হুরাসাগর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজন কে দুইটি মামলায় দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা সবুর আলী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) এর যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় পাম্প হাউজ সংলগ্ন এলাকায় হুরাসাগর নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকারী চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন,১ মো. জামিল (২৫) ২ ইব্রাহিম আলী (৩৫), আল-আমিন (৩০), মোঃ একরামূল (২৮)। পরে ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাদেরকে বিভিন্ন ধারায় মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করে তারা মুক্তি পান। এ সময় দ্রুত সময়ের মধ্যে খননযন্ত্র এবং বালু সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না জানান, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার। এরপর থেকে উপজেলা প্রশাসন বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করবেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
