হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জেরবানিয়াচংয়ে অবশেষে নির্মিত হচ্ছে বহু প্রতীক্ষিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। বহু বছর ধরে এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসলেও স্থান নির্ধারণ জটিলতায় আটকে ছিলো প্রকল্পটি।বীর মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে প্রায় এক দশক পূর্বে উপজেলা টু-ইন কোয়ার্টারের পশ্চিমে কমপ্লেক্স নির্মাণের জন্য স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ ভূমি মাপজোক করেন। ওই ভূমি খাস খতিয়ানভূক্ত না হওয়ায় এবং উপজেলা পরিষদের মালিকানাধীন হওয়ায় উল্লেখিত স্থানে কমপ্লেক্স নির্মাণ করা হয়নি।
পরবর্তীতে বড়বাজারের পশ্চিম দিকের একটি জলাশয়ে নির্মাণের কথা শোনা গেলে অজানা কারণে সেখানেও নির্মাণ হয়নি। সর্বশেষ বানিয়াচং থানার দক্ষিণে জেলা পরিষদ ডাকবাংলোর পূর্ব দিকে (তাবলীগ জামায়াতের মার্কাজ মসজিদের কাছে) ভূমি পছন্দ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ খ্রিস্টাব্দের ২৯ মে বীর মুক্তিযোদ্ধাদের পছন্দকৃত স্থানে ভূমি অধিগ্রহণ শুরু করে জেলা প্রশাসন। ২০২১ সালে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়। ২০২০ সালের ৭ অক্টোবর অধিগ্রহণকৃত শূন্য দশমিক এক একর (১০ শতক) ভূমির উপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প’র প্রস্তাব করেন স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ।২০২১ সালের ৬ অক্টোবর প্রকল্প পাশ হলে ২১ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয় ২ কোটি ৮২ লাখ ৭৭ হাজার ২৭১ টাকা। দরপত্রে ২ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৫৪৩ টাকা চুক্তিমূল্যে কাজ পায় খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিঃ। উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের শতকরা ৩০ ভাগ কাজ ইতিমধ্যে হয়েছে এবং আগামী অর্থ বছরের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
