বগুড়ায় টিএমএসএস নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে গণঅভ্যুত্থান স্মরণে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এ কে খান :
বগুড়া ০৫ আগস্ট : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ৫ আগস্ট বগুড়ায় টিএমসি প্রাঙ্গণে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচির আয়োজক ছিল টিএমএসএস নিয়ন্ত্রিত টিএমসি, টিএমসি ডেন্টাল ইউনিট, আরসিএইচ, টিএনসি, টিএমটিআই টিম্যাটস, টিএমআইআরটি ও টিসিপিআই। অনুষ্ঠানের শুরুতে ঐ দিন সকাল ৯:৩০ মিনিটে অধ্যাপক ডাঃ একেএম মাসুদুর রহমান হলের সামনে থেকে একটি র্যালী শুরু হয়। র্যালীতে টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান ও টিএমএসএস মেডিকেল কলেজের পরিচালক অবঃ ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান, সকল প্রতিষ্ঠান প্রধানসহ টিএমসি ও এর অঙ্গ সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক এবং কর্মকর্তা, কর্মচারীরা অংশ গ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে গণঅভ্যুত্থান এর বিভিন্ন স্লোগান দেন। র্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় অধ্যাপক ডাঃ একেএম মাসুদুর রহমান হলে এসে শেষ হয়। র্যালী শেষে একই হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন ডাঃ মতিউর রহমান, অবঃ ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান ও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রমুখ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, গুরুত্ব এবং এর তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, এই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্য ও প্রতিবাদের এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে।বক্তারা আরও বলেন, বর্তমান সময়েও এই গণঅভ্যুত্থানের চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। তারা তরুণ প্রজন্মকে এই আন্দোলনের ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে টিএমসি ও অঙ্গসংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা সবাই এই ধরনের ঐতিহাসিক দিবসের স্মরণে আয়োজিত কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। এ সময় টিএমএসএসের আওতাধীন পরিচালিত সকল স্বাস্থ্য সেক্টর নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
