বগুড়ায় ইফাদ মিশনের আরএমটিপি প্রকল্প পরিদর্শন: খামারিদের অগ্রগতির প্রশংসা
এ কে খান :
বগুড়ায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। এই প্রকল্পের আওতায় “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক উপ-প্রকল্পটি বগুড়ার চারটি উপজেলায় ১৯,৫০০ হাঁস-মুরগি খামারি এবং ৫০০ স্থানীয় সেবা দানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। গত ২৪ জুলাই ২০২৫ তারিখে পরিদর্শক দলটি সকাল ৮:৩০ মিনিটে যাত্রা শুরু করে প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সরেজমিনে দেখেন। তারা মিট প্রসেসিং প্ল্যান্ট, হাঁসের বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি, আইওটি নিয়ন্ত্রিত লেয়ার মুরগির খামার এবং এগ ওয়াশিং হাব পরিদর্শন করেন। ইফাদ বাংলাদেশ মিশন প্রতিনিধি দলে ছিলেন মি. থেরি মাইউস (মিশন টেকনিক্যাল লিডার), মি. মারিজেল জিমারমেন (টেম্পোরারি প্রফেশনাল অফিসার), মি. পল ভিলারোয়েল (এমঅ্যান্ডই স্পেশালিস্ট), মিসেস চারলট থারসার (পরামর্শক), মিসেস সিনোরা চাকমা (সোশ্যাল ইনক্লুশন স্পেশালিস্ট) এবং মি. সাইফুল ইসলাম (নিউট্রিশন স্পেশালিস্ট)। পিকেএসএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান (প্রকল্প সমন্বয়কারী-আরএমটিপি), ড. এসএম ফারুক উল আলম (সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গাক’র পক্ষে উপস্থিত ছিলেন ড. মো: মাহবুব আলম (সিনিয়র পরিচালক), মোঃ জিয়াউদ্দীন সরদার (সহকারী পরিচালক) এবং অন্যান্য প্রকল্প কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের টিম লিডার মি. থেরি মাইউস গাক’র কনফারেন্স হলে আরএমটিপি প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট ১৭টি সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক ও ফোকাল পারসনদের সাথে এক মতবিনিময় সভা করেন। তিনি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি হস্তান্তর, আইওটি ভিত্তিক খামার ব্যবস্থাপনা, মার্কেট লিংকেজ এবং নতুন পণ্যের বাজার সম্প্রসারণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও উল্লেখ করেন যে, আরএমটিপি প্রকল্পের কার্যক্রমের ফলে খামারি এবং উদ্যোক্তা পর্যায়ে যে ইতিবাচক পরিবর্তন হয়েছে, তা তাদের সাথে আলাপ চারিতায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। মি. মাইউস উপ-প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের জন্য আরএমটিপি টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
