শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর সদরের বাজিতখিলা দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হলো একটি উত্তেজনাপূর্ণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শনিবার (১৫ জুন) বিকেলে আয়োজিত এ খেলায় কানিপাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে পরাজিত করে বাজিতখিলা পাঁচরাস্তা নাইটরাইডারসকে, ফলে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ টুর্নামেন্টের আয়োজন করে বাজিতখিলা মধ্যকুমরি কোনাোড়া স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বাজিতখিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ হাদিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু রাশেদের পক্ষে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক বুলবুল আহমেদ, ইউপি সদস্য রেজাউল করিম বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটি পরিচালনা করেন শেরপুর ফুটবল একাডেমির সভাপতি মোঃ মেরাজ উদ্দিন এবং রেফারির দায়িত্বে ছিলেন খুররম ও শহীদ।
এদিনের ম্যাচে কানিপাড়ার গোলরক্ষক সজিব ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং দলের খেলোয়াড় রাজন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে, যা স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।
