প্রবীণ শিক্ষক আছাব উদ্দিন বিশ্বাসের দাফন সম্পন্ন: অসংখ্য গুণগ্রাহীর শ্রদ্ধা
পাবনা: পাবনার দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আছাব উদ্দিন বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, আছাব উদ্দিন বিশ্বাস দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরস্থ নিজ বাসা থেকে চিকিৎসকের চেম্বারে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরহুমের জানাজার নামাজ বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে, পাবনা শহরের অনন্ত এলাকার দক্ষিণ রাঘবপুর জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার ছাত্র, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন। জানাজা শেষে তাঁকে আরিফপুর গোরস্থানে দাফন করা হয়। জানাজায় পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস আছাব উদ্দিন বিশ্বাসের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় কোলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর মোল্লা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে আছাব উদ্দিন বিশ্বাস তাঁর কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে পাবনার শিক্ষাজগতে এক অপূরণীয় ক্ষতি হলো।
