প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেছেন। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের ফাঁকে গতকাল শনিবার মিউনিখের বাইরিশার হফ হোটেলে দুই দেশের নেতাদের এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকা দুই নেত্রীর মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
বৈঠককালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর জার্মানির প্রতিরক্ষা মন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এ দিনই একটি প্যানেল আলোচনায় অংশ নেবেন তিনি। বর্তমান বিশ্বে নিরাপত্তা আলোচনার সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী হিসেবে যোগ দিলেন শেখ হাসিনা। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানসহ সাড়ে চারশ প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে নরওয়ের প্রধানমন্ত্রী, পোল্যান্ড ও আফগানিস্তানের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস এবং রাশিয়া, চীন, যুক্তরাজ্য, সৌদি আরব ও ইরানের পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন। জাতিসংঘের মহাসচিব ছাড়াও নেটো, ইউরোপীয় ইউনিয়ন, গ্রিন পিস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
১৯৬৩ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের যাত্রা শুরু হয়। স্নায়ুযুদ্ধের পটভূমিতে তৈরি হলেও পাঁচ দশকের বেশি সময় ধরে এ সম্মেলনে বিশ্ব নিরাপত্তা ও বিভিন্ন পরিবর্তনের প্রেক্ষিত নিয়ে আলোচনা হয়ে থাকে। সম্মেলনে অংশগ্রহণ শেষে গতকাল শনিবার রাতেই দেশের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।