স্টাফ রিপোর্টার, পাবনা:
এশিয়ার দুই বৃহৎ নদী পদ্মা ও যমুনা নদীর তীরঘেঁষা পাবনা জেলার সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-২ আসনের জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে।
এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব (ধানের শীষ প্রতীক), জামায়াতের অধ্যাপক হেসাব উদ্দীন (দাঁড়িপাল্লা প্রতীক) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোঃ আফজাল হোসেন (হাতপাখা প্রতীক)। প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নদীভাঙন রোধ, টেকসই বাঁধ নির্মাণ, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন, এবং নদীকেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন।
পদ্মার প্রমত্তা স্রোত ও যমুনার করাল গ্রাসে প্রতিবছর এ অঞ্চলের অসংখ্য মানুষ ভিটেমাটি হারান। নদীভাঙন, বন্যা ও চরাঞ্চলের অনিশ্চিত জীবনযাপন এখানকার মানুষের নিত্যসঙ্গী। তবে নদীবেষ্টিত এই জনপদের সম্ভাবনাও কম নয়। সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে নদীকেন্দ্রিক অর্থনীতি, পর্যটন, কৃষি ও নৌযোগাযোগের উন্নয়নের মাধ্যমে এ অঞ্চল সমৃদ্ধ হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
বাংলাদেশে সম্পূর্ণ নদীবেষ্টিত সংসদীয় আসন খুবই বিরল। তাই পাবনা-2 আসনের মানুষ কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের প্রত্যাশা করছেন। ভোটাররা বলছেন, নদীশাসন, স্থায়ী বাঁধ নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নই হবে আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য প্রতিনিধি নির্বাচিত হবে—এমনটাই আশা করছেন স্থানীয়রা।
