পাবনা পুলিশ লাইন্সে হাসপাতাল রিসিপশন গেট ও মোটরসাইকেল গ্যারেজের উদ্বোধন
এ কে খান :
পাবনায় পুলিশ সদস্যদের কল্যাণ ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে পাবনা পুলিশ লাইন্সে নবনির্মিত পুলিশ হাসপাতালের রিসিপশন, এলপি-২ নম্বর গেটের সংস্কারকাজ ও একটি আধুনিক মোটরসাইকেল গ্যারেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৯ মার্চ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। তাঁর সার্বিক তত্ত্বাবধানে এই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন কার্যক্রমকে আরও গতিশীল ও মানবিক করতে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নবনির্মিত হাসপাতাল রিসিপশন সেবা গ্রহণকে আরও সহজতর করবে এবং সংস্কারকৃত গেট ও মোটরসাইকেল গ্যারেজ নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় পাবনা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নতুন স্থাপনাগুলো ঘুরে দেখেন অতিথিরা এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হবে এবং সেবার মান বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
পাবনা পুলিশ লাইন্সে হাসপাতাল রিসিপশন গেট ও মোটরসাইকেল গ্যারেজের উদ্বোধন
