পাবনায় বাবার বাল্যবন্ধুদের সম্মান জানালেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

শেয়ার করুন:

এ কে খান :

সরকারি সফরে পাবনায় এসে বাবার বাল্যবন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। পাবনা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বাবার ঘনিষ্ঠ বন্ধুদের দেখে তাদের কাছে গিয়ে শ্রদ্ধা ও দোয়া চান তিনি। সোমবার ১৬ মার্চ দুপুরে পাবনা প্রেসক্লাবে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় প্রয়াত সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ফজলুর রহমান পটলের ঘনিষ্ঠ বন্ধু বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম এবং বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসকে দেখে তাদের কাছে এগিয়ে যান তিনি। তাদের কাছ থেকে স্নেহ ও আশীর্বাদ গ্রহণ করেন প্রতিমন্ত্রী পুতুল। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  জহুরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কৈশোর ও তারুণ্যের বড় একটি সময় কেটেছে পাবনায়। তিনি মুক্তিযুদ্ধে শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিনের ভাতুষ্পুত্র। পাবনা শহরের পুষ্পালয় নামের বাসভবনে থাকা কালীন তিনি ছাত্ররাজনীতি ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত হন। সেই সময়ের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এখনও জীবিত আছেন। প্রতিমন্ত্রী পুতুলের অনুরোধে তাদের প্রেসক্লাবে আমন্ত্রণ জানানো হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “রাজনৈতিক জীবনে বিভিন্ন স্থানে গেলে অনেকেই বলেন—তুমি কি পটল ভাইয়ের মেয়ে? আমার এগিয়ে যাওয়ার প্রধান প্রেরণা আমার বাবা। আজ বাবার বন্ধুদের স্নেহের স্পর্শ পাওয়া আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সরকারের জন্য সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পাবনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, পাবনা ও নাটোরের লালপুরের মাটির গন্ধ একই। এই পাবনাতেই আমার শেকড় রয়েছে। তাই লালপুরের মতো উন্নয়নের ছোঁয়া পাবনাতেও লাগবে।”তিনি জানান, পাইলটিং পদ্ধতিতে দ্বিতীয় ধাপে পাবনার হতদরিদ্র মানুষের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে তিনি পাবনাবাসীর পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা-৫ সদর আসনের এমপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের এমপি একেএম সেলিম রেজা হাবিব, শিক্ষাবিদ শিবজিৎ নাগ, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাবেক সম্পাদক উৎপল মির্জা প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সকল সাংবাদিক ও স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: