
মধ্যপ্রদেশের অমরকণ্টকে নর্মদা কুণ্ড থেকে উৎপত্তি নর্মদা নদীর। এই জায়গাটি থেকে মোট তিনটি নদীর উৎপত্তি হয়েছে। সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মাঝে অবস্থিত এই জায়গাটি মধ্যপ্রদেশের অন্যতম দর্শনীয় স্থান।
নর্মদা নদী। এটি ভারতীয় উপমহাদেশের পঞ্চম দীর্ঘতম নদী। পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি গ্রন্থে এই নদীকে নম্মদাস (Nammadus) বলে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশরা একে নেরবুড্ডা (Nerbudda) বা নরবাদা (Narbada) বলত। সংস্কৃত ভাষায় নর্মদা শব্দের অর্থ সুখপ্রদায়িনী। এই নদী উত্তর ও দক্ষিণ ভারতের প্রথাগত সীমারেখা নির্দেশ করে। পশ্চিমবাহিনী এই নদীটি ১৩১২ কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাট রাজ্যের ভারুচ শহরের ৩০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তাপ্তি নদী ও মাহি নদী সহ এই নদী ভারতীয় উপদ্বীপের তৃতীয় তথা বৃহত্তম পশ্চিমবাহিনী নদী। সাতপুরা ও বিন্ধ্যের গ্রস্থ উপত্যকা ধরে প্রবাহিত এই নদী মধ্যপ্রদেশ (১০৭৭ কিলোমিটার), মহারাষ্ট্র (৭৪ কিলোমিটার), মধ্যপ্রদেশ-মহারাষ্ট্র সীমান্ত (৩৫ কিলোমিটার), মধ্যপ্রদেশ-গুজরাট সীমান্ত (৩৯ কিলোমিটার) ও গুজরাট (১৬১ কিলোমিটার) রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে।
