ঢাকার এপিবিএন-১ এর মানবিক সাফল্য : হারানো মোবাইল ও প্রতারণার অর্থ মালিকদের কাছে হস্তান্তর

শেয়ার করুন:

ঢাকার এপিবিএন-১ এর মানবিক সাফল্য : হারানো মোবাইল ও প্রতারণার অর্থ মালিকদের কাছে হস্তান্তর।
এ কে খান :
রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ এর সাইবার ক্রাইম এন্ড অপারেশন্স শাখা এক বিশেষ সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ফেব্রুয়ারি মাসে উদ্ধারকৃত ৮৪টি হারানো মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৭৭ হাজার টাকা আনুষ্ঠানিক ভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি উত্তরাস্থ এপিবিএন-১ এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব মালামাল ও অর্থ তুলে দেওয়া হয়। মালামাল ও অর্থ তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক এডিশনাল ডিআইজি মোঃ আব্দুল লতিফ। ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের সাধারণ ডায়েরি জিডি ও অভিযোগের ভিত্তিতে নিবিড় প্রযুক্তিগত তদন্ত পরিচালনা করে সাইবার ক্রাইম শাখা। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে যেমন দামি স্মার্টফোন রয়েছে, তেমনি রয়েছে সাধারণ মানুষের আবেগের সাথে জড়িত বহু সরঞ্জাম। এছাড়া বিকাশ বা রকেটের মতো মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার হওয়া সাধারণ মানুষের খোয়ানো অর্থ উদ্ধার করে তাদের মুখে হাসি ফোটানো হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডিশনাল ডিআইজি মোঃ আব্দুল লতিফ বলেন আমরা শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, বরং সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাইবার অপরাধ বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ, তবে আমাদের টিম দক্ষ হাতে এটি মোকাবিলা করছে। হারানো জিনিস ফিরে পেয়ে সাধারণ মানুষের চোখের এই আনন্দই আমাদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এসময় ব্যাটালিয়নের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক ভুক্তভোগী উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত সরঞ্জাম হাতে পেয়ে ভুক্তভোগীরা ১ এপিবিএন-এর সাইবার শাখার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। জনসেবায় বদ্ধপরিকর’ স্লোগানকে সামনে রেখে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আগামী দিনগুলোতেও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সেবায় সক্রিয় থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

শেয়ার করুন: