টেকনাফে দুই অপহরণকারী আটক, অপহ্নত উদ্ধার

শেয়ার করুন:


কক্সবাজার প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশা চালককে র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুজনকে আটক করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে অপহৃত চালক ফয়েজি আলম শাহিনকে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
চালক ফয়েজি আলম শাহিন টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার মোহাম্মদ আলমের ছেলে।
আটকদের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিরা হলেন,টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার রবিউল আলম লাভলু ও উলচামারি এলাকার মোরশেদ আলম।
 আবু সালাম চৌধুরী জানান, বুধবার র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পে অভিযোগ করেন ওই চালকের বোন কলিমা আক্তার। অভিযোগে তিনি বলেন, অটোরিকশা নিয়ে টেকনাফ থেকে হ্নীলা যাওয়ার সময় র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয় তার ভাইকে। এরপর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান শুরু করে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে হ্নীলার দরগাহ স্টেশন বাজার থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক করা হয় র‌্যাব পরিচয় দেওয়া অপহরণকারী চক্রের দুই সদস্যকে। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে। 

শেয়ার করুন: