আসিফ সরকার, জাবি প্রতিনিধি::
“উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি” এই স্লোগানের মাধ্যমে সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৪ তম প্রজাপতি মেলা-২০২৪। বুধবার দুপুর আড়াই টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন। মেলা সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে চলবে সারাদিন জহির রায়হান মিলনায়তনে।
এবারের মেলায় প্রজাপতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন ‘প্লানটেশন ফর নেচার’ এর প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে ‘Butterfly Award 2024’ দেওয়া হবে। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির আহমেদকে ‘Butterfly Young Enthusiast 2024’ এওয়ার্ড প্রদান করা হবে।
দিনব্যাপী এই মেলায় অনুষ্ঠিত হবে প্রজাপতিসংক্রান্ত ছবি আঁকার প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি এবং প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্রী প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন এবং প্রজাপতির আদলে এক ধরনের ঘুড়ি উড্ডয়ন প্রতিযোগিতা। এছাড়াও মিলনায়তনের সামনে পাপেট শো সহ অন্যান্য শিশুমহল আয়োজন থাকবে। উল্লেখ্য, এবারের মেলার প্রধান স্পন্সর ‘কিউট’, এবং সহযোগী সংগঠন হিসেবে রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এবং অরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার প্রজাপতিমেলা
