করোনার টিকা দিতে ফি আদায় ॥ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আদায়কৃত টাকা ফেরত

শেয়ার করুন:

বেড়া প্রতিনিধি : শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে প্রশাসনের হস্তক্ষেপে আদায়কৃত অর্থ ফেরত দিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পাবনার বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয়ে এসি (এয়ারকন্ডিশনার) ক্রয়ের কথা বলে গত রোববার (১৬ জানুয়ারি) শিক্ষার্থীদের কাছ থেকে করোনার টিকা প্রদানের সময় টাকা আদায় করা হয়। তারা প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ষাট থেকে একশো টাকা করে নেন। এ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে। বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়। সোমবার (১৭ জানুয়ারি) বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেন। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইসহাক, নবম শ্রেণির সুমি খাতুনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, টিকা প্রদানের নামে টাকা আদায়কে তারা ইতিবাচক হিসেবে গ্রহণ করেননি। সে কারণে বিষয়টি নিয়ে তারা প্রথম থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিল। টাকা ফেরত পাওয়াতে তারা খুশি হয়েছে। অনিয়মের বিরুদ্ধে এটি তাদের প্রতিবাদ ছিল বলে তারা জানায়।
ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্র/ছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা করে প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থার দিকে নজর রেখে স্থানীয়দের সাথে আলাপ করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে তিনি ভাবেননি। তিনি এ জন্য দুঃখ প্রকাশ করেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, তিনি টাকা আদায়ের সত্যতা পেয়েছেন এবং জরুরিভাবে একদিনের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন: