ঈদের সামনে আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর পাবনা জেলা পুলিশ।
এ কে খান পাবনা ব্যুরো :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তৎপর রয়েছে বাংলাদেশ পুলিশ-এর পাবনা জেলা পুলিশ। জেলা পুলিশের সমন্বিত উদ্যোগে বাজার তদারকি, টহল জোরদারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা পুলিশের সূত্রে জানা গেছে, আনোয়ার জাহিদ, পুলিশ সুপার, পাবনার নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁর দিকনির্দেশনায় দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল (প্রশাসন ও অর্থ), রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস) এবং শরিফুল ইসলাম (সদর সার্কেল)। ঈদকে কেন্দ্র করে যাতে বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে, সে লক্ষ্যে সম্প্রতি জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ বাজার তদারকি ও মহড়া পরিচালনা করেছে। পুলিশ সুপার আনোয়ার জাহিদের সার্বিক দিক নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনুর রহমান’র তত্ত্বাবধানে ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম’র নেতৃত্বে এই বিশেষ তদারকি কার্যক্রম বাস্তবায়িত হয়। পাবনা শহরের ব্যস্ততা শেষ হয়ে যখন রাত গভীর হয়, তখনও দায়িত্বে অবিচল থাকেন পাবনার পুলিশ সদস্যরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়, অলিগলি, মহাসড়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ যখন নিশ্চিন্তে বিশ্রাম নেয়, তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, পুলিশের কাজ শুধু আইন প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা তাদের অন্যতম দায়িত্ব। প্রশিক্ষণকাল থেকেই দেশ ও জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার যে শপথ তারা গ্রহণ করেন, তা প্রতিনিয়ত দায়িত্ব পালনে তাদের অনুপ্রাণিত করে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, মানবিক উদ্যোগেও এগিয়ে রয়েছে পাবনা জেলা পুলিশ। শীতকালে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে তারা। জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, একটি শান্ত, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদকে সামনে রেখে বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের স্বার্থ রক্ষায় পাবনা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। প্রতিদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলার পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে নিঃশব্দে।
