১০ আগস্ট ২০২৪, শনিবার – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর আজ রংপুরের পীরগঞ্জে আসছেন ড. মুহাম্মদ ইউনূস। পীরগঞ্জে এসে আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ড. ইউনূসের আগমন ঘিরে নিহত আবু সাঈদের বাড়ির রাস্তা মেরামতের অংশ হিসেবে বিছানো হচ্ছে ইট। রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশন করা হচ্ছে। ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমও চলমান রয়েছে।
এদিকে আবু সাঈদের বাড়ির দিক নির্ণয়ে প্রতিটি মোড়ে মোড়ে লাগানো হয়েছে দিক নির্দেশক ব্যানার। সাঈদের কবরেও ‘শহীদ আবু সাঈদ-এর সমাধিস্থল’ লেখা একটি ব্যানার লাগানো রয়েছে। এ ছাড়াও একটি ক্লিনিকের সৌজন্যে আবু সাঈদের কবরের পাশে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। যেখানে লেখা আছে ‘বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ’ সমাধিস্থল। গতকাল বিকালে আবু সাঈদের সমাধিস্থল ও ড. ইউনূসের আগমন ঘিরে নিরাপত্তা ও সার্বিক বিষয় পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন ও ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাকিল আহমেদ।
আবু সাঈদের কবর জিয়ারত করতে পীরগঞ্জ আসছেন ড. ইউনূস
