আনসার একাডেমিতে মহাপরিচালকের ব্যাটালিয়ন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও উন্নয়ন কাজ পরিদর্শন
এ কে খান :
গাজীপুর ১৬ জুলাই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি বুধবার গাজিপুর জেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমীতে ব্যস্ত সময় পার করেছেন। তিনি মৌলিক প্রশিক্ষণরত ৪১তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি প্রোগ্রাম ১১তম ব্যাচ-এর প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক সেশন পরিচালনা করেন, একটি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ভার্চুয়ালি যোগ দেন এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
দিক নির্দেশনা মূলক সেশনে সকালে শহীদ এলাহি বক্স অডিটোরিয়ামে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রশিক্ষণরত বিসিএস কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। মহাপরিচালক উপস্থিত কর্মকর্তাদের দায়িত্বশীলতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার পরামর্শ দেন। প্রশিক্ষণার্থীরা মহাপরিচালকের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং বাহিনীর গঠন, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন। এই অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে সহায়ক হবে বলে তাঁরা জানান। পরে মহাপরিচালক যশোর আনসার ব্যাটালিয়ন ২৯ বিএন এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে ভার্চুয়াল মাধ্যম জুম অ্যাপের মাধ্যমে যুক্ত হন।
ভার্চুয়াল দরবারে যুক্ত হয়ে তিনি যশোর আনসার ব্যাটালিয়নের সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মহাপরিচালক এই গৌরবময় ৩৭ বছরের পথচলায় দেশের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন জাতীয় দায়িত্ব পালনে যশোর আনসার ব্যাটালিয়নের অসামান্য ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সদস্যদের মনোবল, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের প্রশংসা করেন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শেষে মহাপরিচালক একাডেমি ক্যাম্পাসে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি নির্মাণাধীন ভবন, আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন কাজ ঘুরে দেখেন।
মহাপরিচালক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং উন্নয়ন কাজের গুণগতমান বজায় রাখার নির্দেশনা দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে একাডেমির আধুনিকায়ন ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানো হলে বাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এ সময়ে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেল, বিএএম, পিএএমএস, বিভিএমএস (অপারেশন্স); উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস, বিভিএমএস (প্রশিক্ষণ) সহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার (ডেপুটি কমান্ড্যান্ট, আভি একাডেমি) মহাপরিচালককে একাডেমির সার্বিক অগ্রগতি, প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন এবং পরিদর্শনের পুরো সময় জুড়ে তাঁর সঙ্গে ছিলেন।
