অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে আডবাণী, জোশীকে অনুষ্ঠানে না আসার অনুরোধ

শেয়ার করুন:

ভারতের অযোধ্যায় আগামী মাসে রামমন্দিরের উদ্বোধনে সারা ভারতের হিন্দু সাধু-সন্ত, রাজনৈতিক নেতা, চিত্রতারকা সহ প্রায় চার হাজার মানুষকে আমন্ত্রণ পাঠানো হচ্ছে। তবে আশির দশক থেকে রাম মন্দির আন্দোলনের পুরোভাগে থাকা লাল কৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর জোশীকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও তাদের না আসতে অনুরোধ করা হয়েছে।

মি. মৈত্র যে দুজন প্রবীণ বিজেপি নেতার কথা বলছিলেন, তারা ১৯৯২-র ছয়ই ডিসেম্বর অযোধ্যায় হাজির থাকলেও ২০২৪ সালের ২২শে জানুয়ারি যেদিন রামমন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায়, সেখানে হাজির থাকবেন না।

ওই অনুষ্ঠানে তাদের যোগ দিতে নিষেধ করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

তারাই রামমন্দির নির্মাণ আর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে আছে।

ট্রাস্টের প্রধান চম্পত রাই সংবাদ সম্মেলন করে বলেছেন যে লাল কৃষ্ণ আডবাণী আর মুরলী মনোহর জোশী দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তারা যাতে সেদিন না আসেন, সেই অনুরোধও করেছেন মি. রাই নিজেই।

তার কথায়, “ওই অনুষ্ঠানে মি. আডবাণীর যোগ দেওয়া তো অবশ্যই উচিত, কিন্তু আমি অনুরোধ করব যে তিনি যেন না আসেন। আর মি. জোশীর সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে। তাকেও আসতে বারণ করেছি আমি। তিনি জেদ করছেন আসার জন্য। আমি বার বার তাকে বুঝিয়েছি যে আপনার অনেক বয়স হয়েছে, ঠাণ্ডার মরসুম এখন। তাছাড়া আপনার হাঁটুর অপারেশনও হয়েছে।”

রাম মন্দির আন্দোলনে যেমন বিজেপি ছিল, তেমনই ছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ আর সরাসরি আরএসএসের শাখা সংগঠন বজরং দলও।

উত্তর প্রদেশের বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা বিবিসি বাংলাকে বলছিলেন, “মি. আডবাণী আর মি. জোশীর মতো প্রাতঃস্মরণীয় নেতারা তো আমাদের সম্পদ। তাদের জন্য আর ‘শহীদ’ হওয়া করসেবকদের জন্যই তো আজ রাম মন্দির নির্মাণ সম্ভব হয়েছে। তাদের কী করে ভোলা যায়? তাদের দুজনকেই যথাযথ নিমন্ত্রণ করা হয়েছে।”

“আবার তাদের স্বাস্থ্যের দিকেও তো খেয়াল রাখা দরকার। তাদের বয়স, শীতকাল – এই সব মিলিয়েই মি. রাই অনুরোধ করেছেন যে মি. আডবাণী বা মি. জোশী যেন ২২ জানুয়ারি অযোধ্যায় না আসেন। তাদের সুস্থ থাকাটাও আমাদের কাছে জরুরি। ওরা যাতে সশরীরে হাজির না হলেও পুরো অনুষ্ঠান দেখতে পারেন, তার জন্য এলইডি স্ক্রিন ইত্যাদিরও ব্যবস্থা হচ্ছে”, বলছিলেন মি. শর্মা।

শেয়ার করুন: