সবুজায়নে তৃণমূলের বড় ভূমিকা রাখছে আনসার-ভিডিপি : পঞ্চগড়ে বৃক্ষরোপণ উদ্বোধনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

শেয়ার করুন:

বর্তমান সরকারের পরিবেশবান্ধব সবুজায়ন নীতির অংশ হিসেবে দেশের তৃণমূল পর্যায়ে গাছ লাগানো ও তা পরিচর্যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, “সরকার সবুজায়নে দেশের একদম প্রান্তিক এলাকা পর্যন্ত চারা রোপণ ও তা রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ জোর দিয়েছে। আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাগণ অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করছেন, যার ফলে প্রত্যন্ত অঞ্চলেও এ কর্মসূচি শতভাগ সফল হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে একটি কাঠবাদামের চারা রোপণ করেন এবং পরবর্তীতে ভাতাভোগী সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করে এ কার্যক্রমের শুভ সূচনা করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু এবং পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তৃণমূল পর্যায়ের আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যাগণ। অনুষ্ঠানে তৃণমূলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ গ্রামের ভাতাভোগী সদস্যদের আত্মকর্মসংস্থানের সুবিধার্থে ‘ব্ল্যাক বেঙ্গল’ জাতের ছাগল প্রদানের আশ্বাস দেন। একই সাথে তিনি স্থানীয় ২ নম্বর ময়দাদিঘি ক্লাবের দাপ্তরিক ও সামাজিক কর্মকাণ্ডকে বেগবান করতে আসবাবপত্র এবং একটি এলইডি টিভি অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন: